সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বিষ্ণু মূর্তিসহ শফিকুল ইসলাম (১২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। আজ রোববার সৈয়দপুর থানা পুলিশ আটক ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। আটক শফিকুল ইসলাম সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের পুকুরপাড়ার খলিল উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল গতকাল শনিবার বেলা তিনটার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শফিকুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে ঘরে রাখা কালো পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করে। ভারতে পাচারের উদ্দেশ্যে এই মূর্তিটি রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম তা স্বীকার করেন। এরপর র্যাব-১৩ আটক শফিকুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য নীলফামারী ক্যাম্পে নিয়ে যায়।
পুলিশ জানায়, হেলানিসহ মূর্তিটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি এবং প্রস্থ ৬ ইঞ্চি। এর ওজন ৩ দশমিক ৪ কেজি। বাজারে এর আনুমানিক মূল্য সাড়ে ছয় লক্ষ টাকা। এ ঘটনায় আজ রোববার সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি সিসি নিউজকে জানান, আটক ওই ব্যক্তিকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।