সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে থাই গেম ও ভিসা প্রতারক সম্রাট সাহাবুলের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অন্য সদস্যদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ওই কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াতের সূরা সদস্য মঞ্জুরুল ইসলাম রতন, সদর ইউপি জামায়াতের আমীর শিব্বির আহমেদ, জাতীয় নাগরিক কমিটির নাজমুল হুদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফিরোজ আহমেদ, খেলাফত মজলিসের হাফেজ শরিফুল, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।
জাতীয় নাগরিক কমিটির সংগঠক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় বক্তরা বলেন- সাহাবুলকে গ্রেফতার করা হলেও পুরাতন মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। থাই গেম ও ভিসা প্রতারণা করে প্রতারক চক্রটি প্রবাসীদের নিঃস্ব করছে। তাই এ প্রতারক চক্রটির হোতাসহ সকল সদস্যদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকল প্রতারক হোতা ও সদস্যদের গ্রেফতার করা না হলে সকল স্তরের মানুষ আজকে শুধু মানববন্ধন ও বিক্ষোভ করেছে, আগামীতে ঘেরাও কর্মসুচি দেয়া হবে।