• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন |

খানসামায় হরিবাসরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Oplus_131072

 সিসি নিউজ।। দিনাজপুরের খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজারে রাসকালী মন্দিরে হরিবাসর চলাকালীন সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জীবন রায় (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত জীবন রায় উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দার বাজার ডাঙ্গাপাড়া এলাকার কৃষক তাপস রায়ের ছেলে। তিনি বিবাহিত ও তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, হরিবাসর চলাকালে মন্দিরে বিদ্যুৎ সংযোগের তারে হঠাৎ করে বিদ্যুৎস্পৃষ্ট হয় জীবন রায়। পরে স্থানীয়রা জীবন রায়কে উদ্ধার করে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুর পর হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তার দাহকার্য সম্পন্ন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ