
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের নিচে পড়ে ছিন্নভিন্ন হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামে।
নিহত যুবকের নাম লিমন ইসলাম (২৪)। সে নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের হানিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খোলাহাটি গ্রামে আলু উত্তোলন শেষে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল এক ট্রাক্টর চালক। এ সময় চাষকৃত জমিতে প্রচুর বক উড়াউড়ি করে খাদ্য সংগ্রহ করছিল। এটি দেখে নিহত লিমন বক শিকারে ব্যস্ত হয়। ট্রাক্টরটি জমি চাষের সময় লিমন ঢিল মেরে বক শিকার করার জন্য ট্রাক্টরের উপরে ঝাপ দেয়। এ সময় পিছলে গিয়ে লিমন ট্রাক্টরের নিচে পড়লে ছিন্নবিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এদিকে ছিন্নভিন্ন লাশ দেখে ট্রাক্টর চালক জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।