সিসি নিউজ ডেস্ক।। দেশের লেভেল ক্রসিংগুলোতে নিরাপত্তা জোরদারে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেন, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে এবং পর্যায়ক্রমে সব ক্রসিংকে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার আওতায় আনা হবে।
আজ রোববার কুমিল্লায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।
রেল প্রতিমন্ত্রী বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনার পর আমরা দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। প্রথমত, দেশের সকল গুরুত্বপূর্ণ লেভেল ক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে। দ্বিতীয়ত, বিদ্যমান লেভেল ক্রসিংগুলোকে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার আওতায় আনা হবে, যাতে ট্রেন আসার আগেই স্বয়ংক্রিয়ভাবে গেট বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, এসব ক্রসিংয়ে নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডও নিয়োজিত থাকবে।’
রেল প্রতিমন্ত্রী উল্লেখ করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এবং তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করবে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রসঙ্গে রেল প্রতিমন্ত্রী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া রেলওয়ের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহত ব্যক্তিদের চিকিৎসার বিষয়েও সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে নোয়াখালীগামী ‘মামুন স্পেশাল’ বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন যাত্রী আহত হন।