সিসি নিউজ ডেস্ক।। জাতীয় সংসদে জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এমপি ও সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মুনতাকিম।
এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় এমপি আব্দুল মুনতাকিমের সাথে। তিনি সিসি নিউজকে বলেন, ‘আমার বাবা বেঁচে আছেন। রোববার সংসদ অধিবেশনে আসলে বলতে চেয়েছিলাম—মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আমার দাদা ও চাচা। বাবা আব্দুল কাদের সৈয়দী ও দাদা আব্দুল জব্বারের বিষয়ে সংসদে দেওয়া বক্তব্যটি মুখ ফসকে বের হয়েছে- যার জন্য আমি দুঃখিত। এ জন্য দেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
এর আগে গত রোববার সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম বলেন, ‘আমার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।’ বক্তব্যে তাঁর পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার দাবিও করেন তিনি। তাঁর এ বক্তব্যটি গণমাধ্যমে প্রকাশ হওয়ায় সারা দেশে সমালোচনা শুরু হয়।