সিসি নিউজ: ৮ম জাতীয় পে-স্কেলে বেতন প্রদান ও চাকুরী উন্নতিকরণের দাবিতে কৃষি মন্ত্রণালয়ের (আইএপিপি) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কমসূচী পালন করেছে। আইএপিপি এমপ্লোয়ীজ এসোসিয়শন রংপুর অঞ্চলের উদ্যোগে শনিবার রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী ওই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এর বৈজ্ঞানিক কর্মকর্তা শিপন দাস, কমিউনিটি ফ্যাসিলিটেটর ইমরান হোসেন, প্রদীপ কুমার, মনোয়ার হোসেন, জুয়েল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্বব্যাংকের অর্থায়ণে কৃষি মন্ত্রণালয় এবং মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রডাক্টিভিটি প্রজেক্ট (আইএপিপি) ৭৮০ জন কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। বক্তারা অভিযোগ করে বলেন, ৮ম জাতীয় পে-স্কেলে প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৫ বছরের মধ্যে বেতন বৃদ্ধির জন্য সংস্থান থাকলেও প্রকল্প পরিচালক আব্দুল কাদের তা প্রদান করছেন না। আন্দোলনকারীরা অনতিবিলম্বে ৮ম জাতীয় পে-স্কেলে বেতন প্রদান করার জন্য অনুরোধ জানান। অন্যথায় বৃহৎ কর্মসূচীর মাধ্যমে নায্য দাবি আদায় করার ঘোষণা দেন বক্তারা।