ঢাকা: অপরাধে সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নীতি কার্যকর করছে। সংবাদপত্রে চর্চার জন্য, কাজ করার জন্য মাহমুদুর রহমান, শওকত মাহমুদ অথবা শফিক রেহমানকে গ্রেফতার করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট ও ভিন্ন অপরাধজনিত কাজের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই পুলিশ কর্তৃপক্ষ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। সেখানে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ আছে। নির্দোষ হলে সসম্মানে বেরিয়ে আসবেন। এটা সংবাদপত্র, গণমাধ্যম বা আইনের শাসনের সঙ্গে সম্পর্কিত নয়।
শনিবার সকালে রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে ধরে নিয়ে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতিতে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।