খেলাধুলা ডেস্ক: প্রথমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)খেলছেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। এরই মধ্যে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মুস্তাফিজ।
আইপিএলে এ পর্যন্ত সব থেকে কিপটে বোলার তিনি। সানরাইজার্স হায়দারাবাদের হয়ে একজন সফল বোলারও বটে। অধিনায়ক এবং কোচ থেকে শুরু করে সবাই যেন মুস্তাফিজ বন্দনায় মজেছেন । অথচ এই আইপিএল যখন শুরু তখন ক্রিকেট খেলাই শুরু করেননি মুস্তাফিজ!
ভারতের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দেয়ার সময় মুস্তাফিজ বলেন, যখন আইপিএল ২০০৮ সালে শুরু হয় তখন আমি ক্রিকেট খেলাই শুরু করিনি। আমি ২০১০ সালে ক্রিকেট শুরু করি।
আইপিএলে খেলতে গিয়ে বাংলা ছাড়া অন্য কোনো ভাষা না জানার কারণে বেশ সমস্যায় পড়তে হয় তাকে। তবে নিজেদের সুবিধার্থে দলের পক্ষ থেকেই তার জন্য নিয়োগ করা হয়েছে বাঙালি দো-ভাষী।
ইংরেজি কিংবা হিন্দি কোনটাই ভালভাবে না বুঝলেও ক্রিকেটের ভাষা ঠিকই বুঝেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘এটা সত্যি যে আমি ইংরেজি কিংবা হিন্দি ভালো বুঝি না। তবে, দিন শেষে এটা সত্যি যে, ক্রিকেটের নিজস্ব ভাষা আছে। আর সেটা আমি বেশ ভালই বুঝি। আমি জানি, আমাকে কি করতে হবে।’
টেলিভিশন ও নিজের ম্যাচ দেখা প্রসঙ্গে মুস্তাফিজ জানিয়েছেন, টেলিভিশনে খুব বেশী ক্রিকেট ম্যাচ দেখা হয় না। আর নিজের ম্যাচতো কখনোই দেখা হয় না। তবে শৈশব থেকেই ক্রিকেটকে অনেক পছন্দ করি। কেন পছন্দ করি,তা জানি না।
এসময় তিনি আরো বলেন, আমি আমার নিজের মতোই বল করি। এছাড়া কোনকিছুই চিন্তা করি না। তবে আমি খুশি যে, বোলিং দিয়ে কিছু একটা করতে পারছি। সবচেয়ে ভালো লাগার বিষয়, দেশের জন্যও পারছি কিছু করতে, যা আমাকে তৃপ্তি দেয়।