ঢাকা: ময়নাতদন্তে চিকিৎসকরা না পেলেও সিআইডির ডিএনএ পরীক্ষায় কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের ‘আলামত’ মিলেছে। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত সংস্থা সিআইডির বিশেষ সুপার আবদুল কাহহার আকন্দ সোমবার রাতে এই তথ্য জানিয়েছেন।
কাহহার আকন্দ বলেন, আমাদের ল্যাবে যে ডিএনএ টেস্ট করা হয়েছে, তাতে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সিআইডির কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দায়িত্বে থাকা বিশেষ সুপার নাজমুল করিম খান বলেন, ডিএনএ পরীক্ষায় পুরুষের বীর্যের আলামত পাওয়া গেছে।
গত ২০ মার্চ তনু হত্যাকাণ্ডের পর পুলিশ ধর্ষণের সন্দেহের কথা জানালেও ১৫ দিন পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক দল ময়নাতদন্তের পর ধর্ষণের আলামত না পাওয়ার কথা জানিয়েছিল।
এরপর আদালতের আদেশে কবর থেকে লাশ তুলে তনুর দ্বিতীয় ময়নাতদন্ত হয়। সেই পরীক্ষার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি বলে জানান সিআইডি কর্মকর্তা কাহহার।