দিনাজপুর প্রতিনিধি : কৃষকের দক্ষতা-সক্ষমতা বৃদ্ধির বাজেট চাই, কৃষি জমি রক্ষা, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জরুরী উদ্যোগসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন করেছে আদিবাসি সমিতি।
শুক্রবার (২৪ জুন) বেলা ১২টায় নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবে বাংলাদেশ আদিবাসি সমিতির ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসি সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশ্বনাথ সিং।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাজেটের আকারের সাথে সামঞ্জস্য রেখে কৃষির জন্য বরাদ্দ বাড়ানো, কৃষিতে ভূর্তকি বাড়ানোর পাশাপাশি ভূর্তকির কার্যকর ব্যবহার নিশ্চিত করা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কমিশন গঠন, ক্ষতিকর বিদেশী বীজ আমদানী বন্ধ, গোল্ডেন রাইসসহ বিতর্কিত জিএমও প্রবর্তন বন্ধ করা, পাটের সোনালী অতীত ফিরিয়ে আনতে বিশেষ বরাদ্দ দেয়া, অকৃষিতে কৃষি জমির ব্যবহার নিয়ন্ত্রণ, নদী ভাঙ্গন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্থদের পূর্বাসান, জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় কৃষকের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা, উচ্চ ফলনশীল বীজের পরিবর্তে দেশীয় উন্নত মানের বীজের প্রতি গুরুত্ব প্রদান, মোট বাজেটের অন্তত ২০ ভাগ কৃষির জন্য বরাদ্দ প্রদানসহ বিভিন্ন দাবী জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসি সমিতির সাধারণ সম্পাদক শ্যামল ব্যানার্জী, সহ-সভাপতি মি. জুলিয়াস মুরমু, দপ্তর সম্পাদক মি. সুতিরাম হেমরম, জাতীয় কমিটির সদস্য ফালগুনী রায়, কৃষক নেতা অধ্যাপক সৈয়দ লুৎফর রহমান, মো. মিজানুর রহমান, হাজেরা খাতুন, ছাবিয়া খাতুন, কোষ্ট ট্রাষ্টের টেকনিক্যাল ব্যবস্থাপক মো. মাকসুদুর রহমানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।