সিসি নিউজ: 
সম্প্রতি ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ নামের একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশের খবর বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়। তবে ওই সংগঠনের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ওয়াশিংটনে পৌঁছে সোমবার রাতে জয় তার ফেসবুকে একথা জানান।
ফেসবুক স্ট্যাটাসে জয় বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমি ভালোভাবেই ওয়াশিংটনে পৌঁছেছি। একটা খবর আমার নজরে এসেছে যে, কেউ ‘সজীব ওয়াজেদ জয় লীগ’ খুলে বসেছে। এই লীগ পুরোপুরি অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমার পরিবার এবং আমি চাই না যে অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার হোক। এতে কেবলই আমাদের দল এবং পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার পিতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।’