সিসি ডেস্ক: মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি বিরোধিতাকারী ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের জন্য আইন প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি মাঠে ‘মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৬’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী দেশে আসার পরই এ বিষয় নিয়ে সিদ্বান্ত নেওয়া হবে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তও অবশ্যম্ভাবী। কারণ পৃথিবীতে যুদ্ধাপরাধীদের শুধু বিচারই হয় না, সম্পদও বাজেয়াপ্ত হয়। আমরাও অবশ্যই তাদের সম্পদ বাজেয়াপ্ত করবো।
এ সময় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।