ঢাকা: শফিউল বারী বাবুকে সভাপতি ও আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি মাননীয় চেয়ারপারসনের নির্দেশক্রমে বিএনপি গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।
বাবু স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া জুয়েল ছাত্রদলের গত কমিটির সভাপতি ছিলেন।
এদিকে সাদেক আহমেদ খানকে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
বার্তায় জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. শফিউজ্জামান খোকন বিএনপি গঠনতন্ত্রে এক ব্যক্তির এক পদ বিধানের প্রেক্ষিতে সংগঠনের সাধারণ সম্পাদক পদ হতে অব্যাহতি নেয়ায় চেয়ারপারসন নির্দেশক্রমে সাদেক আহমেদ খানকে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে বিএনপি গঠনতন্ত্রের ১৩ ও ৮ (১) এর বিধানবলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনীত করেছেন।
এ ছাড়া বুধবার রাতে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে অ্যালবার্ট পি কস্তাকে। তিনি যুবদলের সহসভাপতির দায়িত্বে ছিলেন।