সিসি নিউজ: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনকে বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বাসায় গুলিবিদ্ধ হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত পৌনে ৮টার দিকে মারা যান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন ।
এর আগে, সন্ধ্যা ৬টার দিকে এমপির নিজ বাসভবনে এ ঘটনা ঘটে বলে তার পরিবার জানায়। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সংসদ সদস্য লিটন তার নিজ বাড়ির উঠানে দলীয় নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। বৈঠক শেষে তিনি নিজ ঘরে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সংসদ সদস্য লিটন গুলিবিদ্ধ হন।