ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচন সময়মতো বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনেই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বকশীবাজারের নবকুমার ইনস্টিটিউটে পুস্পমাল্য অর্পণ করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য এমন একটি নির্বাচন কমিশন গঠন করবেন। এ বিষয়ে ষড়যন্ত্র করে কিংবা বাড়াবাড়ি করে কোনো লাভ নেই। কোন ধরনের নতুন প্রস্তাব গ্রহণযোগ্য হবে না।’
মন্ত্রী বলেন, ‘পাকিস্তানকে সাথে নিয়ে বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাচ্ছে।’
নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি ইতোমধ্যে ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছেন। সংলাপে রাজনৈতিক দলগুলো সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাষ্ট্রপতির এখতিয়ারের প্রতি আস্থার কথা জানিয়েছে।