ঢাকা: সার্চ কমিটি প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন কমিশন গঠনের আগে আমরা সর্বসম্মতভাবে একটি সার্চ কমিটি গঠনের প্রস্তাব রাষ্ট্রপতিকে দিয়েছিলাম। জাতীয় পার্টি আশা করে গঠিত এই সার্চ কমিটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের সুপারিশ পেশ করবে। এই নির্বাচন কমিশনের অধীনেই দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার পাবে বলে জাতীয় পার্টির বিশ্বাস।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
সভায় বাংলাদেশ আওয়ামী পার্টি, আম জনতা পার্টি, দেশ রক্ষা আন্দোলন, গণতান্ত্রিক ন্যাপ ভাসানী, বিপিডিপি ও গণজাগরণ পার্টির শীর্ষনেতারা উপস্থিত ছিলেন।
এরশাদ বলেন, জাতীয় পার্টি সঠিক ধারায় রাজনীতি করার কারণেই বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথে জোটবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করছে। যারা স্বাধীনতার চেতনা, ধর্মীয় মূল্যবোধ ও প্রকৃত জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করে তারা জাতীয় পার্টির নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ হতে চাচ্ছে। কারণ জাতীয় পার্টিই হচ্ছে মূল জাতীয়তাবাদী শক্তি।
তিনি আরো বলেন, দেশে এখন সুষ্ঠু রাজনৈতিক চর্চা নেই। রাজনীতির নামে একে অপরের প্রতি বাকযুদ্ধ অব্যাহত। দেশ নিয়ে কেউ ভাবে না। রাজনীতির নামে যা চলছে তাতে করে সাধারণ মানুষের ভিতরে রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি আস্থা আজ হারাতে বসেছে।
দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাপা কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতি, মেজর অব. খালেদ আখতার, রেজাউল ইসলাম ভূইয়া। অন্যান্য দলের নেতাদের মাঝে বক্তব্য রাখেন অধ্যক্ষ বেনজির আহমেদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, হাজী জালাল উদ্দিন, গোলাম মোস্তফা সরকার, ওয়ারেসুল ইসলাম, আব্দুল আউয়াল প্রমুখ।