সিসি ডেস্ক: গত শনিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন প্রকাশের মাত্র ৫দিনের মাথায় সাত মাস ধরে নিখোঁজ থাকা হুম্মাম কাদের ফিরে এলেন। বুধবার দিবাগত রাত ৩টায় তাদের ধানমন্ডির বাসার কাছে রেখে গেছে ‘অজ্ঞাত বাহিনী’।
কিন্তু ফিরে আসা হুম্মামের সাথে আগের হুম্মামের কোনোই মিল নেই! আগের সুঠাম দেহি এই যুবক এখন অনেকটা জীর্ণশীর্ণ হয়ে ফিরে এসেছেন। এতে ধারণা করা হচ্ছে, খুবই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে গেছে তার বিগত মাসগুলো।
আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছিল, গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং মীর কাশেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাশেমের গুমের পেছনে সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাছে রয়েছেন। এই অভিযোগ করেছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান।
ব্রিটিশ আইনজীবী ক্যাডম্যান বলেন তিনি মনে করছেন এই তিনজনকে অপহরণ ও গুমের পেছনে ডিজিএফআইয়ের হাত রয়েছে এবং তারা বর্তমানে এই সংস্থাটির হাতেই বন্দী আছেন।
তিনি আরো বলেন, এই তিনটি গুমের ঘটনা একটির সাথে আরেকটির খুবই মিল রয়েছে। এবং সরকার তাদের বিষয়ে কিছু বলতেও চায় না।
আজ সকাল থেকেই সামাজিক মাধ্যমের কল্যাণে হুম্মাম কাদের চৌধুরীর বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ ছবিতে ( উপরে যুক্ত ) দেখা যায় হুম্মাম বেশ শুকিয়ে গেছেন।
৪ আগস্ট তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, একটি মামলায় হাজিরা দিতে আদালতে যাওয়ার পর তাকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন লোক তাকে নিয়ে যায়। এর পর থেকে তার অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিল না।