গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে মুফতি হান্নান ও তার সহযোগিদেরকে বহনকারী প্রিজন ভ্যানে বোমা নিক্ষেপের ঘটনায় গ্রেফতার মোস্তফা কামালেরে এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
তার নাম মিনহাজুল ইসলাম। মিনহাজুল নরসিংদীর মনোহরদী থানার কাঁচিঘাটা এলাকার রতন মিয়ার ছেলে। তাকে স্থানীয় জামিয়া কাসেমিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর পুলিশ সুপার মো. হারুন অর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নরসিংদী সদর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে স্থানীয় জামিয়া কাসেমিয়া মাদ্রাসা থেকে মোস্তফা কামালের সহযোগি মিনহাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে।
গত সোমবার টঙ্গীতে হরকাতুল জেহাদ নেতা মুফতি হান্নান ও তার সহযোগীসহ ১৯ আসামিকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনায় জঙ্গি মোস্তফা কামালকে আটক করা হয়। এ ঘটনায় ওই রাতেই টঙ্গী মডেল থানায় আটক মোস্তফা কামালসহ আরো অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে মামলা হয়। পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার বিকেলে আদালতে তোলা হয়। আদালত আবেদনের প্রেক্ষিতে ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন । পরে এ ঘটনায় জড়িত থাকার দায়ে মিনহাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।