সিসি নিউজ : দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে পরে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টি। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটের শ্রীমঙ্গলে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে ময়মনসিংহে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকেই ঢাকার আকাশে মেঘের আনাগোনা, এ সময়ে কোথাও কোথাও সামান্য বৃষ্টিও হয়েছে।