সিসি নিউজ: ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় নায়ক দেব। তবে এবার তিনি কোনো ছবির শুটিং বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো কাজে আসেননি। দেব ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের সাংসদ হিসেবে।
আজ সংসদ ভবনে শুরু হচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সমাবেশ। যা ৫ এপ্রিল পর্যন্ত চলবে। বিভিন্ন দেশের সাংসদের নিয়ে আয়োজিত এ সমাবেশে যোগ দিচ্ছেন দেব।
শুক্রবার দুপুর ১২টায় ঢাকায় এসেছেন তিনি। দেব এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন নিজেই। সেখানে তিনি প্রিয় ঢাকা শহরে আসতে পারার আনন্দ শেয়ার করেছেন।
তিনি বলেন, ‘ঢাকায় এর আগেও অনেকবার এসেছি। কিন্তু এবারের আসার কারণটা ভিন্ন। তবে ভালো লাগছে। ঢাকায় থেকে কখনো মনে হয়নি নিজের দেশের বাইরে আছি। আর তার অন্যতম কারণ ভাষা ও আন্তরিকতা। আমি বাংলায় কথা বলতে পারছি আর সবাই আমাকে আপন করে গ্রহণ করছেন। এটিই তো সবচেয়ে বড় প্রশান্তির জায়গা। বেশ কয়েকদিন ঢাকায় থাকবো। মূল কাজ শেষ হলে পরিচিত অনেকের সাথেই দেখা করবো।’
এছাড়া দেব জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা সংস্থার সাথেও আলোচনায় বসবেন। উল্লেখ্য, তিনি ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতার ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন।