সিসি ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগের পাশাপাশি এবার সরকারের প্রধান শরিক এবং জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতেও কাউয়ারা ঢুকতে চায় বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা।
শনিবার দুপুরে শ্যামপুরে কদমতলি থানা জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ স কথা বলেন।
বাবলা বলেন, সব দলেই এখন তোষামোদকারী, হাইব্রিড ও ঢাল তোলোয়ারহীন নিধিরাম সর্দারদের জয়জয়কার। আমাদের পার্টিতেও হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কাউয়া প্রকৃতির কথিত রাজনৈতিক নেতারা ভড়তে চাচ্ছেন। তবে এরশাদ ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ তোষামোদকারী, অস্বিত্বহীন, হাইব্রিড কাউয়া প্রকৃতির নেতাদের জাপায় ভিড়তে দিচ্ছে না। কারণ তারা মনে করেন, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। শুধু তাদের দৃঢ়তার কারণে জাপা এখনও কাউয়ামুক্ত রয়েছে।
বাবলা বলেন, জাপা স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাসী। যারা মনেপ্রাণে আমাদের পার্টির চেয়ারম্যানের আর্দশকে ধারণ করবেন, সমাজে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, যারা ইসলামী মূল্যবোধ ও উদারগণতন্ত্রে বিশ্বাসী, তাদেরকে অবশ্যই আমাদের পার্টিতে স্বাগত জানানো হবে। যে কেউ দলে আসতে চাইলে যাচাই বাচাই না করে তাকে কোনোভাবেই দলে নেয়া যাবে না। দলে এসে যদি সে কোনো অপকর্ম করে, তাহলে তার দায় পড়বে জাতীয় পার্টির ওপর ।
কদমতলি থানা জাতীয় পার্টির আহবায়ক শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, জহিরুল ইসলাম সরকার, সুলতানা আহমেদ লিপি, মাইনুদ্দিন বাবু, মো. স্বাধীন, সিরাজুল ইসলাম।