খেলাধুলা ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমানের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নেওয়ার এ ম্যাচে আয়ারল্যান্ড উলভসকে ৩৯৫ রানের বিশাল টার্গেট দিয়েছে তারা। এ ম্যাচে সাব্বিরের সেঞ্চুরি ছাড়াও হাফসেঞ্চুরি এসেছে টাইগার ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে।
বুধবার(১০ মে) বেলফাস্টের স্টারমন্টে ম্যাচটি শুরু হয়েছে স্থানীয় সময় বেলা পৌনে ১১টায়। আর বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।
এদিন স্বাগতিক এ দলটির বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই সুবাদে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৪ রান তোলে বাংলাদেশ।
তিন নম্বরে ব্যাট করতে নেমে ৮৬ বলে সেঞ্চুরি তুলে রিটায়ার্ডহাট হয়ে ফিরেছেন টি২০ স্পেশালিস্ট খ্যাত টাইগার ব্যাটসম্যান সাব্বির। ১৬ চার ১ ছক্কায় এই সংগ্রহ দাঁড় করিয়েছেন তিনি। এটিই ছিল এদিন বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ সংগ্রহ। আর দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান এসেছে ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে। ৭৪ বলে ১৪ চার ২ ছক্কায় এই সংগ্রহ দাড় করিয়েছেন তিনি।
এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৪৯, সাকিব আল হাসান ৪৪, মুশফিকুর রহিম ৪১ এবং মোসাদ্দেক হোসেন সৈকত করেছেন ৩১ রান।
এদিকে ২৫ বলে ১৭ রান তুলে ক্রেগ ইয়ংয়ের শিকার হয়ে এদিন সাজঘরের পথ ধরেছেন অপর ওপেনার সৌম্য সরকার। সৌম্যের ক্যাচটি নিয়েছেন টাইরনি কেন। এছাড়া ৮ রান নিয়ে অপরাজিত ছিলেন টাইগার দলপতি মাশরাফি।
আইরিশ উলভসের পক্ষে দলপতি শেন গেটকাটে ৭ ওভার বল করে ৬০ রানের বিনিময়ে নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ১০ ওভারে ৬৯ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রিন।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করে বাংলাদেশ দল। সেখানে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে ডিউক অব নরফোকের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক মুশফিকের হার না মানা ৯৮ বলের ১৩৪ রানের ইনিংসে ভর করে ৩৪৫ রানের বিশাল পুঁজি পেয়েছিল বাংলাদেশ।
আর দ্বিতীয় ম্যাচে ইমরুল কায়েস, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩১৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ১৮০ রানেই প্রতিপক্ষকে আটকে দিয়ে ১৩৪ রানের বিশাল জয় নিয়েই মাঠ ছেড়েছিল বাংলাদেশ।
তবে এ দুটি প্রস্তুতি ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। এবার ত্রিদেশীয় সিরিজের মূল পর্ব শুরুর আগে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার আরও একটি সুযোগ পাচ্ছেন তারা।
বাংলাদেশ একাদশে আছেন : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
আয়ারল্যান্ড উলভস একাদশে আছেন : শেন গেটকাটে (অধিনায়ক), জন অ্যান্ডারসন, অ্যাডাম ডেনিসন, টাইরনি কেন, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, জেমস শেনন, ন্যাথান স্মিথ, জ্যাক টেক্টর, শেন টেরি ও ক্রেগ ইয়ং।