সিসি নিউজ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পরিবেশ উত্তপ্ত করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
বুধবার রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে ১৪ দলের নেতৃবৃন্দের সম্মানের আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, তিনি (খালেদা জিয়া) নির্বাচন সামনে রেখে পরিবেশ উত্তপ্ত করছেন। সহায়ক সরকারের কথা বলছেন। পৃথিবীর কোথাও সহায়ক সরকার নেই। এই যে কিছুদিন আগে ব্রিটেনে নির্বাচন হয়েছে সেখানেও না। বাংলাদেশেও সংবিধানের আলোকে শেখ হাসিনার অধিনে যথা সময়ে নির্বাচন হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আমরা বিশ্বাস করি, সব দল এতে অংশ নেবে। সবাই ভোট দেবে। কোনো বিশেষ দলের জন্য নির্বাচন বসে থাকবে না।
পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসে অনেক মানুষ মারা গেছেন। তাদের উদ্ধার করতে গিয়ে কর্মকর্তাসহ কয়েকজন সেনাসদস্যও নিহত হয়েছেন। আমরা এতে ব্যথিত ও দুঃখিত। ইতোমধ্যে ত্রাণমন্ত্রীসহ অনেকে সেখানে গেছেন। উদ্ধার অভিযান চলছে। আমাদের ২০০ মেডিকেল টিমে ডাক্তার, নার্সরা কাজ করছেন।
তিনি বলেন, প্রতিবারই এমন পাহাড় ধসের ঘটনা ঘটে। এবার একটা বড় ঘটনা ঘটেছে। নিরীহ পাহাড়ি মানুষদের মৃত্যু হয়েছে। আসলে এদের (পাহাড়ি) দুর্ঘটনার আগে চলে যেতে বললে যায় না। জোর করেও নেয়া যায় না। তারা তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে চায় না। তবে, বাঙালি জাতি সাহসী জাতি। এরা যেকোনো দুর্যোগ মোকাবেলা করেছে। এটাও করবে।
দুর্যোগ নিয়ে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়ায় ১৪ দলের এই মুখপাত্র বলেন, কেউ দুর্যোগ নিয়ে রাজনীতি করে না। একজন নেত্রী প্রতিদিন যা হচ্ছে তার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছেন। পাহাড় ধসে মানুষ মরার জন্যও আওয়ামী লীগকে দুষছেন।
গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য শহীদুল্লাহ শিকদারের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) অ্যাডভোকেট এনামুল হক, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, সাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, ওয়ার্কার্স পাটির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক।
বিবার্তা