সিসি নিউজ: উচ্ছেদের ১৭ দিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান অ্যাভিনিউর ১৫৯ নম্বর বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ রবিবার সকাল ৯টার পর রাজউকের কর্মীরা গুলশান এভিনিউর ১৫৯ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়ি ভাঙা শুরু করেন। ভাঙার কাজে বুলডোজার ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া জিনিসপত্র সরিয়ে নিতে কয়েকটি ট্রাক এনে রাখা হয়েছে সেখানে। বাড়িটির আশপাশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

গুলশান জোনের এডিসি আব্দুল আহাদ বলেন, রাজউক বাড়িটিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা সেজন্য ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
রাজউক অঞ্চল-৫ এর পরিচালক ওয়ালিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিনের নেতৃত্বে বাড়িটি অবৈধ দখলমুক্ত করার অভিযান করা হয়। ওই দিন বিকেল ৪টা নাগাদ তারা বাড়ির নিয়ন্ত্রণ নেয়।
বাড়িটি নিয়ে এরপর কী করা হবে বা নতুন ভবন করা হবে কি না-জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমরা জানি না।’

উল্লেখ্য, গত ৭ জুন আদালতের নির্দেশে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ন্ত্রণ নেয় রাজউক। বাড়ি থেকে মালামাল সরানোর কাজ চলার মধ্যেই ওই দিন সন্ধ্যায় একটি প্রাইভেট কারে করে মওদুদ আহমদ সেখান থেকে চলে যান। ওই বাড়ির মালামাল গুলশান-২-এর ৫১ নম্বর সড়কের ২ নম্বর বাড়ির ছয়তলা ভবনে মওদুদ আহমদের নিজস্ব একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।