সিসি ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর বসবে নভেম্বরে। তবে এর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে শুরু করেছে। সেই লক্ষ্যে রংপুর রাইডার্সের বোলিং কোচ হিসেবে জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিককে নিয়োগ দেয়া হয়েছে।
বর্তমানে কক্সবাজারে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট মাস্টার্স ক্রিকেট কার্নিভালে খেলছেন ৪৬ বছর বয়সী রফিক। রংপুর রাইডার্সের প্রধান কোচ হিসেবে টম মুডির যোগ দেওয়ার কথা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের হয়ে খেলেছেন রফিক। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ উইকেট শিকারের রেকর্ড রয়েছে তার ঝুলিতে।
বিপিএলে রংপুর রাইডার্সের সাথে কাজ করলেও রফিক জানিয়েছেন জাতীয় দলের সাথে কাজ করার ইচ্ছার কথা। তবে আক্ষেপের সুরে জানিয়েছেন বোর্ড থেকে কোনো কাজে ডাক না পাওয়ার কথা। বিসিবি থেকে ১০-১৫ দিনের অ্যাসাইনমেন্ট পেলেও স্থায়ী কোনো কাজ পাননি।