নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আব্দুল্লাহ নামে এক মুদি ব্যবসায়ী গুরুত্বর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় উপজেলা চত্ত্বরের জাহাঙ্গীরের চাতাল সংলগ্ন স্থানে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। আটকৃতরা হলেন, উপজেলার কেশবা তেলীপাড়া গ্রামের হোসেন আলীর পুত্র আরিফ (২০) ও আজিজুল ইসলামের পুত্র সোহেল রানা (১৮)। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশীদ জানান, ওই গ্রামের ছাতুয়া মামুদের পুত্র মুদি ব্যবসায়ী আব্দুল্লাহ তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উক্ত স্থানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল ফোন, টাকা ও টর্চলাইট কেড়ে নেয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।