খেলাধুলা ডেস্ক: নেইমারের জোড়া গোলের ওপর ভর করে লিগ ওয়ানে বিশাল জয় পেয়েছে পিএসজি। শনিবার নিজেদের মাঠে এই ম্যাচের আগ পর্যন্ত লিগে অপরাজিত বোর্দোকে ৬-২ গোলে হারিয়েছে উনাই এমেরির দল।
ম্যাচের পঞ্চম মিনিটেই দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন নেইমার। ২৫ গজ দূর থেকে নেইমারের বাঁকানো শট ঠেকানোর কোনো সুযোগই পাননি বোর্দোর গোলরক্ষক। সাত মিনিট পর নেইমারের বাড়ানো বল থেকে এবারের লিগে নিজের অষ্টম গোলটা করেন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।
ম্যাচের ২১তম মিনিটে বাঁ দিক স্প্যানিশ ডিফেন্ডার ইউরির ক্রসে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন আরেক ডিফেন্ডার মুনিয়ে। দশ মিনিট পর ইউনুসে ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি বোর্দা। প্রথমার্ধের শেষ দিকে আরও দুই গোল করে ধরাছোঁয়ার বাইরে চলে যায় স্বাগতিকরা। ৪০ মিনিটে পেনাল্টি থেকে নিজের জোড়া গোল পূরণ করেন নেইমার। বিরতিতে যাওয়ার আগে ড্রাক্সলার গোলে ৫-১তে এগিয়ে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে স্বাগতিকদের আধ ডজন গোল পূরণ করেন কিলিয়ান এমবাপে। দলের আগের গোলটি তিনি ড্রাক্সলারকে দিয়ে করিয়েছিলেন। এবার ড্রাক্সলার এমবাপেকে দিয়ে গোল করিয়ে তার প্রতিদান দিলেন। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি থেকে ম্যালকমের গোল কেবল অতিথিদের পরাজয়ের ব্যবধানই কমাতে পারে।
চলতি মৌসুমে লিগে আট ম্যাচে পিএসজির এটি সপ্তম জয়। ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে আছে বোর্দো।