ঢাকা, ২৯ নভেম্বর: বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর হরতালে ‘পূর্ণ সমর্থন’ দিয়েছে বিএনপি। সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা আগামীকাল বৃহস্পতিবারের সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারা দেশে এই হরতালের কর্মূসচি দিয়েছে।
সমর্থনের কথা জানিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা মনে করি, জনস্বার্থে এই হরতাল অত্যন্ত যুক্তিসঙ্গত। আগামীকাল বাম দলগুলো যে হরতাল ডেকেছে, আমি বিএনপির পক্ষ থেকে সেই হরতালকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে, যা কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে।
গত ২৩ নভেম্বর বিইআরসির ওই ঘোষণার পরপরই হরতালের কর্মসূচি ঘোষণা করে বাম দলগুলো। তাদের ভাষায়, বিদ্যুতের দাম বাড়ানোর ওই সিদ্ধান্ত গণবিরোধী।
বিদ্যুতের দাম বৃদ্ধির কঠোর সমালোচনা করে রিজভী বলেন, “এই সরকার গণবিরোধী সরকার, এই সরকার মানববিরোধী সরকার, এই সরকার মানবতাবিরোধী সরকার। যতদিন তারা সিংহাসন আটকে রাখবে, ততদিন জনগণ পিষ্ঠ হবে, দলিত হবে, নিষ্ঠুরভাবে তারা দমন করবে।”