• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন |

সোনালী ব্যাংকে ২২০১ জনকে নিয়োগে বাধা নেই

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি: ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী সোনালী ব্যাংকের ৩টি পদে দুই হাজার ২০১ জনকে নিয়োগ প্রক্রিয়ার ওপর আগের দেয়া স্থিতাবস্থা তুলে নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের করা পৃথক ৫টি লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
এ আদেশের ফলে সোনালী ব্যাংকে ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ৩টি পদে দুই হাজার ২০১ জনকে নিয়োগপ্রক্রিয়ায় আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু, কামরুল হক সিদ্দিকী, রফিকুর রহমান।
পরে মেহেদী হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের ৫টি লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। আর পরীক্ষাসহ নিয়োগ প্রক্রিয়ার ওপর থেকে স্থিতাবস্থা তুলে নেওয়া হয়েছে।
সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদে দুই হাজার ২০১টি জনকে নিয়োগের জন্য ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি সোনালী ব্যাংক ৩টি বিজ্ঞপ্তি দিলে তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ৪৭৪ জন।
তাদের দাবি ছিল, ২০১৪ সালের ৩১ জানুয়ারি এক হাজার ৭০৭টি পদে নিয়োগের জন্য সোনালী ব্যাংকের আরেক বিজ্ঞপ্তির ভিত্তিতে তারা আবেদন করেছিলেন। ‘অভ্যন্তরীণ তালিকায়’ তাদের নাম এলেও শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি।
এ কারণে ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে এবং নিজেদের নিয়োগের আরজি জানিয়ে তারা ওই রিট করেন।
ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২৭ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে রায় দেয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে পৃথক ৫টি আবেদন (লিভ টু আপিল) করেন তারা।
আপিল বিভাগ তখন নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেয়। সেই লিভ টু আপিল খারিজ করে দিয়ে আদালত মঙ্গলবার স্থিতাবস্থা তুলে নেওয়ায় নিয়োগ প্রক্রিয়া বাধা কাটল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ