ঢাকা: বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে বিএনপি। সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের একথা জানান।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় প্রচারপত্র বিতরণ করেছে বিএনপি। দেশের বিভিন্ন স্থানেও প্রচারপত্র বিতরণের খবর পাওয়া গেছে।
এই দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়েছে। তার ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচারপত্র বিতরণ কর্মসূচি শুরু করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ সময় পথচারী ও রিকশা চালকদের হাতে প্রচারপত্র তুলে দেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন।