ঢাকা, ২৭ নভেম্বর।। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্ট এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে, মামলার নম্বর ৩২।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, মঙ্গলবার পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্ট এলাকায় অবস্থান নেন। এরপর পুলিশ তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।