জয়পুরহাট, ১৬ এপ্রিল ।। জয়পুরহাট জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ২জন রোগী সনাক্ত হওয়ায় জয়পুরহাট জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে এই লকডাউন কার্যকর হবে বলে জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন জানিয়েছেন। জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া জনকণ্ঠকে জানান জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের জিন্দারপুর গ্রামের মোঃ ওবায়দুল হক (৪২) পিতা মৃত আবেদ আলী ও মোঃ মোখলেছুর রহমান (৪৭) পিতা মৃত আয়ুব আলী উভয় নারায়নগঞ্জ থেকে কয়েকদিন আগে জিন্দারপুরের বাড়িতে আসে। তারা উভয়ই নারায়গঞ্জের গার্মেন্টস ফ্যাক্টরিটে কর্মরত ছিল। তাদের শারীরিক অসুস্থতা দেখা দিলে তাদেরকে করোনা ভাইরাসের সম্পৃক্ততা রয়েছে কিনা পরীক্ষা করার জন্য তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়।
রাজশাহী থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ দুইজনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে মর্মে রিপোর্ট জেলা সিভিল সার্জন দপ্তরে পৌঁছে। এই খবরের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের নির্দেশে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কালাই থানার ওসিসহ ঐ গ্রামে যায় এবং ঐ দুই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে আইসোলেশন কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এই ঘটনায় ঐ গ্রামসহ আশপাশের এলাকাগুলোতে ঐ দুইজনের সংস্পর্শে আর যারা এসেছে তাদের চিিহ্নত প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন জেলার জনগোষ্টির নিরাপত্তার প্রশ্নে বৃহস্পতিবার রাত ১০ থেকে সম্পুর্ন জেলা লকডাউনের আওতায় ঘোষনা দিয়েছে।