সিসি নিউজ ।। প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিনিয়ত তার চরিত্র পরিবর্তন করে বর্তমানে আগ্রাসী রূপ ধারণ করেছে। তাই প্রাণঘাতি করোনা ভাইরাসের হাত থেকে সবাইকে ও সবার পরিবারকে বাঁচাতে সৈয়দপুর উপজেলাবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান।
তিনি বলেন, আমরা একটা অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছি। বিশ্বব্যাপী করোনার তান্ডব কোনোভাবেই থামছে না। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর তালিকা। করোনা নিয়ে কোনো ধরনের ভীতি ছড়াবেন না, সবাই সচেতন হোন। ঘরে থাকুন নিজের পরিবার ও দেশকে-দেশের মানুষকে সুরক্ষিত রাখুন।
বুধবার রাতে সিসি নিউজকে দেয়া এক সাক্ষাতকারে সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান আরো বলেন, সরকারের নির্দেশনা মেনে চলে আপনারা সবাই ঘরেই থাকুন, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। আপনাদের চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।
তিনি আরো বলেন, পুলিশ আসতে দেখলে ঘরে ঢুকে যাওয়া আর চলে গেলে বাহিরে চলে আসা মনে রাখবেন এই ধোকা আপনি পুলিশকে নয় নিজের পরিবার দেশ আর নিজেকেই দিচ্ছেন। করোনা সংক্রমণ রোধে জনসমাগম ও সামাজিক দুরত্ব নিশ্চিতের দায়িত্ব শুধু প্রশাসনের নয় আপনার আমার সকলের। আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটুু কষ্ট হলেও তা মেনে নিয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি।