তথ্য প্রযুক্তি ডেস্ক: আওয়ামী লীগের অফিসিয়াল পেইজকে (www.facebook.com/ awamileague.1949) আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকে কেবল এই পেজটির সমস্ত কার্যক্রমের দায়ভার বাংলাদেশ আওয়ামী লীগ বহন করবে।
মঙ্গলবার ফেসবুক কর্তৃপক্ষ এ স্বীকৃতি দেয়। ফেসবুকে জনপ্রিয় পেইজগুলোকে ভেরিফাইড করে কর্তৃপক্ষ। সাধারণত সেলিব্রেটি, সাংবাদিক, খেলোয়াড়, রাজনৈতিক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেইজের সত্যতা অনুসন্ধান করে বিশেষ সম্মাননা হিসেবে এ স্বীকৃতি দিয়ে থাকে তারা। এরই অংশ হিসেবে আওয়ামী লীগের পেইজটিকে স্বীকৃতি দেওয়া হলো। আর এই স্বীকৃতি পাওয়ার পর এখন আওয়ামী লীগের এ পেইজের ডানপাশে রাইট মার্ক চিহ্ন দেখা যাবে।
অনলাইন দুনিয়ার ক্রমবর্ধমান বিকাশের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপরতা শুরু করেছিল আওয়ামী লীগ। ফেসবুকে এ পেইজের মাধ্যমে সরকার ও দলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ক্ষমতাসীন দলটি। পাশাপাশি এ পেইজে বিএনপি-জামায়াতের বিভিন্ন অপতৎপতার তথ্য-প্রমাণ ও তুলে ধরা হয়। মঙ্গলবার পর্যন্ত এ পেইজে ১ লাখ ১৫ হাজারের বেশি লাইক পড়েছে।