• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন |

শিগগিরই ধাপে ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান

সিসি নিউজ ডেস্ক।। দেশে করোনাভাইরাস সংক্রমণের হার অব্যাহতভাবে কমছে। এই ধারা অব্যাহত থাকলে শিগগিরই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে ধাপে ধাপে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে ‘স্মরণে শ্রদ্ধায়-৭৫’ অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

মন্ত্রী বলেন, আশা করি, যেভাবে সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে, এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। তবে ধাপে ধাপে খুলব। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যেকোনো দেশের তুলনায় বেশি। কারণ এ অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন, কী করে আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে এ জন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু।

শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে একসঙ্গে সব শিক্ষার্থীদের স্কুলে নেওয়া সম্ভব হবে না-সেদিকে ইঙ্গিত করেই শিক্ষামন্ত্রী বলেন, সবাই শুরু থেকেই সপ্তাহে ছয় দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ