সিসি নিউজ ডেস্ক ।। পাকিস্তান বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৭ রান করে টাইগাররা। এই রান তাড়া করতে নেমে দারুণ ছন্দে খেলতে শুরু করে পাকিস্তান। তবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাক্ষী হলো আরো এক নতুন ঘটনার।
ম্যাচের তখন ১৩ ওভার চলছিল, হঠাৎ করেই নিরাপত্তা বলয় ভেঙে এক দর্শক ঢুকে গেল মাঠে। মাঠ কর্মী এবং বিসিবির সিকিউরিটিকে ফাঁকি দিয়ে সরাসরি চলে যায় মোস্তাফিজের কাছে। যদিও মোস্তাফিজকে তিনি স্পর্শ করেননি, শুধু মোস্তাফিজের পায়ের কাছে শুয়ে পরে সম্মান জানায় এই দর্শক। অবশ্য সাথে সাথে মাঠে প্রবেশ করে বিসিবির সিকিউরিউটি এবং তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাহিরে। করোনা বায়োবাবলের কারণে এরপর সেই ওভারের প্রথম বল করার পর তুলে নেওয়া হয় মোস্তাফিজকেও।
মিরপুর জোনের পেট্রোল ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজুল হক বকশি বলেছেন, ‘আমাদের সিকিউরিটি লেভেল তো আসলে ভালোই ছিল। জৈব সুরক্ষা বলয়ের কারণে আমাদের যেখানে যেখানে প্রবেশ করা সম্ভব, আমরা সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করেছি। রাসেল নামের ওই দর্শক মূলত টিকিট কেটেই ঢুকেছিল। ওর পরিকল্পনাই ছিল (মোস্তাফিজের সামনে যাওয়া)। ও মোস্তাফিজুর রহমানের পাগলভক্ত। তো পরিকল্পনা করেই ঢুকেছিল। টিকিট কেটে তার জায়গাতেই ঢুকেছিল, হঠাৎ করে এই ঘটনাটি ঘটিয়েছে।’
কী ধরনের শাস্তি হতে পারে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আইনগতভাবে যেটি ঘটার সেটিই ঘটবে। আমরা প্রথম যে কাজটি করেছি, ঘটনা ঘটার পরেই তাকে হেফাজতে নিয়ে নিয়েছি। আমাদের ডিসি স্যার ছিলেন, উনি সঙ্গে করেই থানায় নিয়ে গেছেন।’
জানা গেছে কুমিল্লা শহরে বাড়ি রাসেলের। বাবার নাম জাকির হোসেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র তিনি।