সিসি নিউজ ডেস্ক ।। নিষ্ফল উইকেটে রাওয়ালপিন্ডি টেস্টের পর করাচি টেস্টে ক্ষণে ক্ষণে রঙ বদল হচ্ছে। প্রথম দু’দিন অজিদের দাপট। এরপর পাকিস্তানের ধসে যাওয়া। ম্যাচে যখন ব্যাকফুটে স্বাগতিক পাকিস্তান তখনই ব্যাট উচিয়ে ধরেছেন বাবর আজম ও আব্দুল্লাহ শফিক। তাদের ব্যাটিংয়ে করাচি টেস্ট ভারসাম্যপূর্ণ অবস্থানে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৫০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২১ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। পরে উইকেট না হারিয়ে ১৯২ রানে দিন শেষ করেছে পাকিস্তান। ক্রিজে দাঁড়িয়ে গেছেন আব্দুল্লাহ শফিক ও বাবর আজম। তারা যোগ করেছেন ১৭১ রান। অধিনায়ক বাবর ১০২ রানে অপরাজিত আছেন। ওপেনার শফিক করেছেন ৭১ রান।
শেষ দিন জিততে পাকিস্তানের দরকার ৩১৪ রান। আর অস্ট্রেলিয়ার দরকার ৮ উইকেট। করাচির উইকেটে ব্যাট করা কঠিন নয় সেটা অস্ট্রেলিয়া দুই ইনিংসে দেখিয়েছে। চতুর্থ দিন বাবর-শফিকও প্রমাণ পেয়েছেন। ওই ব্যাটিং দৃঢ়তা দেখিয়ে যেতে পারলে টেস্ট ড্র করে ফেলা সম্ভব তাদের পক্ষে। ফ্লাট উইকেটে জয়ও অসম্ভব নয়।
এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। উসমান খাজা ১৬০ রানের ইনিংস খেলেন। অ্যালেক্স কেরি ৯৩ ও স্টিভ স্মিথ ৭২ রান করেন। জবাব দিতে নেমে ১৪৮ রানে অলআউট হয় পাকিস্তান। অজিরা ৪০৮ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে অজিরা ২ উইকেটে ৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে।
অজিদের প্রথম ইনিংস থেকে ফাহিম আশরাফ ও সাজিদ খান দুটি করে উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়ার হয়ে মিশেল স্টার্ক নেন তিন উইকেট। সুইপশন নেন দুটি উইকেট। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থেকে নাথান লায়ন ও ক্যামেরুন গ্রিন একটি করে উইকেট নিয়েছেন। করাচি টেস্ট এখন পঞ্চম দিনের রোমাঞ্চের অপেক্ষায়।