।।রাকিব হাসান।। দুপুর হতে চলছে রাস্তায়, রিক্সায়, সাইকেলে দেখা মিলছে হাতে ব্যাট, পিঠে ব্যাগ ও জার্সি পরিহিত ছেলেদের। তারা আর কেউ নন সৈয়দপুরের ভবিষ্যত ক্রিকেটার। তাদের দেখে বুঝায় যাচ্ছে তারা বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়েই ছুটে যাচ্ছে অনুশীলনে। বলছিলাম রাইজিং ক্রিকেট একাডেমীর কথা। তাদের সাফল্যের গল্প অনেক আগেই জেনে গিয়েছে সৈয়দপুরবাসী। এবার আরও এক সাফল্য এই ক্রিকেট একাডেমীর ঝুড়িতে।
নীলফামারী জেলা হতে মাত্র দুজন ক্রিকেটার রংপুর অনূর্ধ্ব ১৮ বিভাগীয় দলে জায়গা পেয়েছে তারা আর কেউ নন সৈয়দপুরের মুন্সিপাড়া এলাকার বামহাতি ব্যাটসম্যান মোঃ আসিফ ও ইসলামবাগবাগ চিনি মসজিদ এলাকার ফাস্ট বোলার আবু সাঈদ রিয়ন। দুজনেই রাইজিং ক্রিকেট একাডেমীতে নিয়মিত অনুশীলন করে থাকে।
নীলফামারী অনূর্ধ্ব ১৮ জেলা দলের নিয়মিত মুখ আসিফ।সে মূলত দলে ওপেনার ব্যাটসম্যান হিসেবে এবং রিয়ন দলে ফাস্ট বোলার হিসেবে খেলে থাকে। সদ্য শেষ হওয়া ব্রান্ড হাউজ ইয়াং স্টার টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে নজর কাড়া ব্যাটিং করেছিলেন আসিফ। যার ফলে নির্বাচিত হয়েছিলেন সেরা ব্যাটসম্যান। উল্লেখ্য এই একাডেমীর দুজন নারী ক্রিকেটার সৈয়দপুরের ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৮ মহিলা জাতীয় লীগে জায়গা পেয়ে আলোড়ন সৃষ্টি করেছিলো। এছাড়াও প্রতিবছর নীলফামারী জেলা অনূর্ধ্ব ১৪,১৬,১৮ দলে এই একাডেমীর ক্রিকেটাররা সুযোগ পেয়ে থাকে।
২৬ ডিসেম্বর হতে শুরু হওয়া শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ৩১ ডিসেম্বর বগুড়ায় রংপুরের প্রতিপক্ষ ঢাকা সাউথ। পরবর্তী প্রতিপক্ষ বিকেএসপি,সিলেট ও বরিশাল।
রাইজিং ক্রিকেট একাডেমীর কোচ জামিউল আলম বাবলু জানান, নীলফামারী জেলা থেকে মাত্র দুজন ক্রিকেটার জায়গা পেয়েছে আমাদের একাডেমী থেকে এজন্য আমরা আনন্দিত ও গর্বিত। আসিফ ও রিয়ন দুজনই যোগ্য হিসেবে রংপুর বিভাগীয় অনূর্ধ্ব ১৮ দলে জায়গা পেয়েছে।তারা অনেক ভালো খেলোয়ার আশা করছি সুযোগ পেলে তারা তাদের যোগ্যতার প্রমান সেখানেই দিবে।