সিসি নিউজ: জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ সরকারকে অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, “সরকারের আয়ু বেশি দিন নেই। কারণ, ষড়যন্ত্র ও কূটকৌশলের মাধ্যমে গঠিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে।”
শনিবার বিকেলে রাজবাড়ীতে বিএনপি আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
কাজী জাফর বলেন, “খালেদা জিয়ার এই সফরের মধ্য দিয়ে দেশের নতুন করে জাগরণের শুরু হয়েছে। এর মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করে নতুন করে আন্দোলন শুরু করা হবে।”
কাজী জাফর বলেন, “পাঁচ জানুয়ারির নির্বাচনে গঠিত সরকার অবৈধ। তারা জনগণের সরকার নয়। সে কারণে তারা দেশে ফ্যাসিবাদী আচরণ করছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আগামীতে খালেদা জিয়ার নেতৃত্বে সরকার ক্ষমতায় আসবে।”