সিসি নিউজ।। নীলফামারীর চার মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁকে ভার্চুয়ালী নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ওই গ্রেপ্তার আদেশ প্রদান করা হয়।
নীলফামারীতে দায়ের হওয়া চারটি মামলার মধ্যে দুইটি হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এসব মামলা দায়ের হয় (জিআর ২৬৭, জিআর ২৬৯, জিআর ২৭৪ ও জিআর ৩২০ নম্বর মামলা)।
সূত্রমতে, নীলফামারী সদর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে নীলফামারী জ্যৈষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. মোশাররফ হোসেনের আদালতে ভার্চ্যুয়ালি কাশিমপুর কারাগার থেকে হাজির করা হয় আসাদুজ্জামান নূরকে।
নীলফামারীর চারটি মামলার শোনঅ্যারেস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর কাশিমপুর কারাগাড়ে রয়েছেন। পুলিশ তাকে গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে সিয়াম হত্যা মামলায় ঢাকাস্থ বেইলী রোডের নওরতন কলোনীর বাসা থেকে গ্রেপ্তার করেন। এরপর আদালতের মাধ্যমে মিরপুরের মামুন হত্যা মামলায় গত বছরের ২৯ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াত কর্মী আবু বক্কর সিদ্দিক হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা, ভাঙচুরসহ বিস্ফোরক আইনে চারটি পৃথক মামলা দায়ের হয়। এসব মামলার প্রধান আসামী তিনি। ওই চার মামলার বাদী আদালতে মামলাগুলো দায়ের করলে আদালত নীলফামারী সদর থানায় রেকর্ড করার নির্দেশ দেন।
নীলফামারী আদালত পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, নীলফামারী থানার চারটি মামলার চার জন তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে, নীলফামারী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হলে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তিনি ঢাকার কাশিমপুর কারাগার থেকে সংযুক্ত ছিলেন।
তিনি বলেন ‘আদালতে রাষ্ট্রপক্ষে আদালত পুলিশের পরিদর্শক হিসেবে আমি নিজে (জিন্নাত আলী) ও পরিদর্শক আশরাফ হোসেন এবং চার মামলার নীলফামারী থানার তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলাম’।
বিষয়টি নিশ্চিৎ করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ বলেন, ‘নীলফামারী সদর থানার হত্যাসহ চারটি মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে ভার্চ্যুয়ালি শোনঅ্যারেস্ট দেখানো হয়েছে’।