সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুলপড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামে এ ঘটনা ঘটে।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শ্বাষকান্দর গ্রামের আনাশা পাড়ার মো. সাদেকুল ইসলামের স্কুলপড়ুয়া কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়েকে ঘিরে বাড়িতে প্যান্ডেল ও মঞ্চ তৈরি করে দিনব্যাপী আত্মীয়-স্বজনদের দাওয়াত অনুষ্ঠান চলছিল। শুক্রবার রাতে বরযাত্রী আসার কথা ছিল।
এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন পুলিশসহ সেখানে উপস্থিত হন। পরে কনের বয়স প্রমানের গড়মিল পাওয়ায় বিয়ে বন্ধের নির্দেশ দেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন সিসি নিউজকে জানান, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। ওই কিশোরীর স্কুল নিবন্ধনে জন্ম তারিখ ২০১২ সাল উল্লেখ রয়েছে। অপরদিকে এক সপ্তাহ আগে প্রাপ্ত জন্মনিবন্ধনে জন্ম তারিখ ২০০৮ সাল রয়েছে। এ কারনে কিশোরীর বাবাকে সঠিক জন্ম তারিখ নির্ধারন করতে বলা হয়েছে।