চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া প্রাথমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা মেরাজ উদ্দীনকে ঘুষের টাকাসহ আটক করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের একটি দল তাকে আটক করে।
জানা যায়, মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি নিয়োগ পরীক্ষায় স্থানীয় শাকের উল্লাহর ছেলে শাব্বির আহমদ প্রথম স্থান অধিকার করেন। কিন্তু ২০ হাজার টাকা না দিলে তাঁকে নিয়োগ দেয়া হবে না বলে সাফ জানিয়ে ওই কর্মকর্তা। খবর পেয়ে চট্টগ্রাম দুদকের একটি টিম লোহাগাড়ায় আসে। পরে শাব্বির আহমদ ওই কর্মকর্তাকে ২০ হাজার টাকা দেয়ার সময় হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহজাহান বলেন, দুদকের কর্মকর্তারা শিক্ষা অফিসারকে আটক করেছে বলে জেনেছি। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগাড়া শাখার সভাপতি মাস্টার নুরুল আমিন বলেন, উনি ছিলেন দুর্নীতির বরপুত্র। টাকা ছাড়া একটা ফাইলেও সই করতেন তিনি। ইতিপুর্বে আমরা তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন মহলে অনেক স্মারকলিপি প্রদান ও আবেদন করেছি।