সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আলহাজ ইসহাক হোসেন তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রায়গঞ্জ থেকে বগুড়ায় নেওয়ার পথে শেরপুর এলাকায় তার মৃত্যু হয়।
ইসহাক হোসেন তালুকদারের ব্যক্তিগত সহকারী মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। হঠাৎ করে সোমবার দুপুরে তার শ্বাসকষ্ট বেড়ে যায়।এক পর্যায়ে সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিজ বাসভবন থেকে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বগুড়ার শেরপুরে তার মৃত্যু হয়।
এদিকে, ইসহাক হোসেন তালুকদার এমপি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
উল্লেখ্য ইসহাক হোসেন তালুকদার ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। –