
দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনি এলাকায় বসত ভিটার মালিকানা নিয়ে বিরোধের জের ধরে নুরুল ইসলাম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ সময় নিহত নুরুল ইসলামের স্ত্রী আফিলা (৫৫), ছেলে আসাদুল (৪০), মুকুল (৩৫) এবং পুত্রবধূ নাজমা (৩৫) গুরুত্বর আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বসতভিটার মালিকানা নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সাথে পার্শ্ববর্তী খাগড়াবন্দ মন্ডলপাড়া গ্রামের আনসার গং এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে আনসার, আফছার, লিয়াকত, আজমুল, আবদুল আলিমসহ ২০ থেকে ২৫ জন লাঠিসোটা দিয়ে নুরুল ইসলামকে বেধড়ক পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।