সিসি নিউজ: নাশকতার আশঙ্কায় রাত ৯টার পরে দূরপাল্লার গাড়ি না চালাতে মালিকদের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
শনিবার সন্ধ্যায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে শ্রমিক পরিবহন সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, ‘দিনের বেলা নাশকতা কম হওয়ায় আপনারা দিনে গাড়ি চালান। কিন্তু রাতে নাশকতার ঘটনা ঘটায় আপনাদের রাত ৯টার পর রাজধানী থেকে দূরপাল্লার গাড়ি না ছাড়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তবে কেউ গাড়ি ছাড়তে চাইলে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সহায়তা নিয়ে গাড়ি চালাতে পারবেন। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেবে।’
নাশকতা এড়াতে প্রতিটি গাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ও বালু রাখতে এবং জানালায় মোটা কাপড়ের পর্দা লাগানোর কথা বলেন তিনি। এ সময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেন।