ঢাকা: সুস্থ রাজনীতি ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ‘জাতীয় ঐক্যের সনদ’ ঘোষণা করেছেন গণফোরাম সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।’
তিনি রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ১১ দফার এই সনদের ঘোষণা দেন।
ড. কামাল হোসেন বলেন,আমরা ইতিহাসের এক অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বসবাস করছি। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েই চলছি।
তিনি বলেন,রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নীতি-আদর্শবহির্ভূত রুগ্ন রাজনীতির পৃষ্টপোষকতা প্রদান করা হচ্ছে। দুর্নীতি আজ রাষ্ট্র ও সমাজের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
প্রবীণ এই আইনজীবী বলেন,আমরা যদি সংবিধানের প্রতি অনুগত হই এবং ৩০ লাখ শহীদ ও আত্মত্যাগী নেতাদের নীতি আদর্শের প্রতি বিশ্বস্ত হই, তবে আমাদের উপর তাদের অর্পিত দায়িত্ব পালনের সময় এখনই। যা একটি স্থিতিশীল সমাজ, পরিচ্ছন্ন সরকার, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা দেবে।
তিনি বলেন,আর সেই লক্ষ্যেই একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে আমরা এ ১১ দফা জাতীয় ঐক্যের সনদ ঘোষণা করছি।