রাজশাহী : রাজশাহী মহানগর জামায়াতের আমির প্রফেসর ড. আবুল হাশেমকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর জামায়াতের একটি সূত্র জানায়, গ্রেফতারকৃত আমির ঢাকায় ব্যক্তিগত কাজ শেষে শনিবার রাত ৮টার দিকে নগরীর বিনোদপুর এলাকায় নিজ বাসায় প্রবেশ করেন। এর কিছু সময় পরে সাদা পোশাকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে বাসা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।
জানতে চাইলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, তিনি প্রশিক্ষণে ঢাকায় অবস্থান করায় এ বিষয়ে কিছু জানেন না।
অপরদিকে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সুশান্ত চন্দ্র রায় জানান, তিনিও এ বিষয়টি জানেন না। তবে খোঁজ নিয়ে পরে জানাবেন বলে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে বিষয়টি এড়িয়ে যান।
পরে রাত ১১টার দিকে আরএমপির কমিশনার মো. শামসুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মহানগর জামায়াতের আমিরের গ্রেফতারের বিষয়টি স্বীকার করে জানান, নিরাপত্তার কথা ভেবে বিষয়টি গোপন রাখা হয়েছিল। বর্তমানে তাকে নগর গোয়েন্দা কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ হত্যাসহ বেশ কয়েকটি নাশকতার মামলার অন্যতম আসামি বলে জানান পুলিশ কমিশনার।