• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

মির্জা ফখরুলকে ফের কারাগারে প্রেরণ

ফকরুলঢাকা: পল্টন থানায় দায়ের নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালত এই আদেশ দেয়।

এর আগে বেলা পৌনে চারটার দিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন মির্জা ফখরুল। পরে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রুল নিষ্পত্তিরও নির্দেশ দেয় আপিল বিভাগ।

গত ১৩ জুলাই আপিল বিভাগ অসুস্থতার কারণ বিবেচনায় নিয়ে এ মামলাগুলোতে মির্জা ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেয়। এরও আগে দুদফায় আত্মসমর্পণের জন্য তাকে ৬ সপ্তাহ করে ১২ সপ্তাহ সময় বাড়ানো হয়।

এরপর মির্জা ফখরুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর যান। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যান। গত ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুর ও মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে আসেন মির্জা ফখরুল ইসলাম।

উল্লেখ্য, চলতি বছর পল্টন থানা এলাকায় বিএনপির হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তিনটি মামলা করা হয়।

এদের মধ্যে ৪ জানুয়ারি পল্টন থানার উপসহকারী পরিদর্শক মমিনুল ইসলাম, ৬ জানুয়ারি পল্টন থানার উপপরিদর্শক মনিবুর রহমান সুজন এবং ৬ জানুয়ারি বিআরটিসি বাসের চালক মিল্টন আলী বিশ্বাস বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ