ঢাকা: মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়া প্রথমে দল ও জোটের খেতাবধারী মুক্তিযোদ্ধাসহ রণাঙ্গনের বীর সেনানীদের নিয়ে, পরে দলের নেতাকর্মীদের নিয়ে জাতীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্স জিয়াউর রহমানের সমাধিতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাবেন।
এদিকে পুলিশি বাধায় খালেদা জিয়ার স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা বিলম্বিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তার যাত্রা শুরু হওয়ার কথা ছিল বুধবার সকাল সাড়ে ৮টায়। তবে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে ভোর ৪টা থেকে পুলিশ অবস্থান নেয় এবং তাকে যাত্রা বিলম্বিত করতে বলা হয় বলে অভিযোগ করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামছুদ্দিন দিদার।
এরপর গুলশানের বাসা থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে যাত্রা শুরু করেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে আছেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, আবদুল কাইয়ুম, ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ।
এছাড়া বিকালে বিএনপির বিজয় শোভাযাত্রা কর্মসূচি রয়েছে।